ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোয়ালন্দে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১

গোয়ালন্দে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১
×

প্রতীকী ছবি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৭:৫৫ | আপডেট: ১০ মে ২০২৬ | ১৮:০১

রাজবাড়ীর গোয়ালন্দে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাসিন্দা। এদিকে ঘটনার মূল হোতা আরেক যুবক পলাতক রয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বাসিন্দা। 

এ ঘটনায় রোববার বিকেলে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। 

ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের অভিযোগ, ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে মূল অভিযুক্তের সঙ্গে কিশোরীর সুসম্পর্ক গড়ে উঠে। গত শনিবার রাত ১০টার দিকে স্কুলছাত্রীকে বাড়ির বাইরে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর গোয়ালন্দ পৌর শহরের একটি পুকুরপাড়ে নিয়ে মূল অভিযুক্ত ও আটক হওয়া তার বন্ধু কিশোরীকে ধর্ষণ করে। 

ভুক্তভোগী স্কুলছাত্রী জানিয়েছেন, ঘটনার সময় বাধা দিলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিও দেয়।

এরপর রাত ১২টার দিকে অভিযুক্তরা ভুক্তভোগী কিশোরীকে তার বাড়ির কাছাকাছি পৌঁছে দিতে গেলে স্থানীয়রা তাদেরকে ধাওয়া দেয়। এ সময় মূল অভিযুক্ত যুবক পালাতে সক্ষম হলেও আরেকজনকে আটক করে তারা। সকালে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আটক যুবককে হেফাজতে নেয়। 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। সেই সাথে ধর্ষণের শিকার কিশোরীকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঘটনার মূলহোতা পলাতক যুবককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। 

আরও পড়ুন

×