নওগাঁয় ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে
ছবি: সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৮:৫০
অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের সময় ঘোষণা করেছে নওগাঁ জেলা প্রশাসন। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে বিভিন্ন আম। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে।
রোববার বিকেল ৪টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আম সংগ্রহের সময় জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
আলোচনায় নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে এ বছরের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। সময় অনুযায়ী আগামী ২২ মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। এছাড়া উন্নত জাতের আমগুলোর মধ্যে ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন ক্ষীরসাপাত বা হিমসাগর, ৫ জুন নাকফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ২৫ জুন ফজলি, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন ব্যানানা ম্যাঙ্গো এবং আগামী ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিনা আম সংগ্রহ করা যাবে।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা: হোমায়রা মন্ডলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, চলতি বছর নওগাঁ জেলায় তিন লাখ ৩১০ হেক্টর জমিতে আমবাগান আছে। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। এবার শুধু নওগাঁ জেলা থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা আম বিক্রির সম্ভাবনা রয়েছে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পরিপক্ব আম নামানোর জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ মে থেকে চাষিরা গুটি আম সংগ্রহ করতে পারবেন। কোনো দুর্যোগ দেখা দিলে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে আগাম আমও সংগ্রহ করতে পারবেন। তবে অধিক মুনাফার লোভে নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারে তোলা যাবে না।
নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ করতে জেলাজুড়ে প্রচারণা চালানো হবে। নওগাঁর আমের সুনাম যাতে ক্ষুণ্ণ না হয়, এজন্য আমচাষি ও ব্যবসায়ীদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।
- বিষয় :
- আম
- নওগাঁ
- জেলা প্রশাসন
