নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে ঘরের ভেতরে চারজনকে দগ্ধ অবস্থায় দেখতে পান। ছবি: সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১২:৩৭ | আপডেট: ১১ মে ২০২৬ | ১২:৪৮
নারায়ণগঞ্জের ফতুল্লায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে সদর উপজেলার ফতুল্লার লাকি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মোহাম্মদ আলী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। আব্দুল কাদের পেশায় অটোরিকশা চালক এবং তিনি ছেলেদের নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাড়ির পাশ দিয়ে যাওয়া গ্যাসের পাইপলাইনে দীর্ঘদিন ধরে লিক ছিল। ধারণা করা হচ্ছে, সেই লিকেজ থেকে গ্যাস ঘরের ভেতরে জমে যায়। সকালে চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
প্রতিবেশী ফারুক জানান, বিস্ফোরণের শব্দ শুনে তারা ছুটে গিয়ে ঘরের ভেতরে চারজনকে দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, আহত চারজনই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আব্দুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৫৭ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যদিকে মোহাম্মদ আলীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটির সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। এটি গ্যাস জমে বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- বিস্ফোরণ
- দগ্ধ
- গ্যাস
