প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর
খাল খননে কৃষি-মৎস্য উৎপাদন বাড়ার আশা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৯:১১ | আপডেট: ১৫ মে ২০২৬ | ২২:২১
চাঁদপুরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ ২০ বছর পর তার এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খাল পুনঃখনন প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আশাবাদ তৈরি হয়েছে। বিশেষ করে ঘোষেরহাট ও আশপাশের এলাকার বাসিন্দারা মনে করছেন, খালগুলো পুনঃখনন হলে জলাবদ্ধতা কমবে, সেচ সুবিধা বাড়বে এবং কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
শুক্রবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এক প্রেস ব্রিফিং করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলীয় ও প্রশাসনিক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন চাঁদপুরবাসী অপেক্ষা করছে তার আগমনের মাহেন্দ্রক্ষণের জন্য।
ব্রিফিংয়ে তিনি আরো জানান, সরকারি কর্মসূচি অনুযায়ী, শনিবার সকালে সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী প্রথমে সকাল সাড়ে ১১ টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এক পথসভায় যোগ দেবেন। দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর দুপুর ১ টা ৪৫ মিনিটে সদর উপজেলার কুমারডুগি-ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। বিকেলে সাড়ে ৩ টায় তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। এ কর্মসূচিকে ঘিরে বড় ধরনের জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরে বিকেল ৫ টায় স্থানীয় চাঁদপুর ক্লাবে দলের সাংগঠনিক সভায় যোগ দিয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সফরকে ঘিরে অতীতের মতো অতিরিক্ত তোরণ, পোস্টার ও ব্যানারের প্রতিযোগিতা দেখা যাচ্ছে না। ব্যক্তিকেন্দ্রিক প্রচারণাও নিরুৎসাহিত করা হয়েছে। ফলে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় তুলনামূলক সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। এদিকে সফর উপলক্ষে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে প্রতিদিনই আনন্দ মিছিল, গণসংযোগ ও প্রচারণা চালানো হচ্ছে। নেতাকর্মীদের হাতে দেখা যাচ্ছে শুধুমাত্র দলীয় ও জাতীয় নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘আমি পূর্ণ আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে চাঁদপুরের উন্নয়ন কর্মকান্ড ও সাংগঠনিক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড সেলিম উল্ল্যা সেলিম বলেন, ‘প্রধানমন্ত্রী চাঁদপুরে ২০ বছর পর পা রাখছেন, এটি আমাদের দলের জন্য গর্বের। তিনি চাঁদপুরের প্রতি যথেষ্ট আন্তরিক বলেই সরকারের মাত্র তিন মাসের মাথায় তার সফরে চাঁদপুরকে বেছে নিয়েছেন।’
_1778862104.jpg)
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
পুলিশ সুপার রবিউল হাসান বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৪ জুলাই চাঁদপুর সফরে এসেছিলেন তারেক রহমান। তখন তিনি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিয়েছিলেন।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- সফর
- চাঁদপুর
