ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিশৃঙ্খলা, মুক্তিযোদ্ধাকে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ

‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিশৃঙ্খলা, মুক্তিযোদ্ধাকে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ
×

ছবি: সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ২৩:০১ | আপডেট: ১৫ মে ২০২৬ | ২৩:০২

নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাজিনগর ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। বক্তব্যের শেষদিকে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ভুলবশত হয়েছে বলে দুঃখপ্রকাশ করেন।

এ সময় নিজেকে বিএনপির নেতা পরিচয় দেওয়া আলাউদ্দিন নামের এক ব্যক্তি বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তিনি ও তার সহযোগীরা ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে মাইকে সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

‎এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বলেন, ‎আমরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। সময়ের প্রেক্ষিতে এখন এ স্লোগান দেওয়া যে কারও জন্য বিপদজনক। গতকাল সভায় মুখ ফসকে জয় বাংলা বলার পর আমি সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করলেও আমাকে সবার সামনে লাঞ্ছিত করা হয় এবং মাইকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

হাজিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ বলেন, আলাউদ্দিনের বিএনপির কোনো সাংগঠনিক পদ নেই। তিনি রাজনৈতিক সুবিধা নিতে দলের নাম ব্যবহার করছেন।

তবে আলাউদ্দিন দাবি করেন, স্লোগান দেওয়ার পর উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে মিজানুর রহমান নিজেই মাইকে ক্ষমা চান। অভিযুক্ত আলাউদ্দিন নিজেকে যুবদলের কর্মী বলে দাবি করলেও যুবদলের কোনো পদ বা সাংগঠনিক পরিচয়ের প্রমাণ দেখাতে পারেননি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, একজন মুক্তিযোদ্ধাকে এভাবে হেনস্থা করা দুঃখজনক।

আরও পড়ুন

×