ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম

ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
×

প্রতীকী ছবি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১১:৩৬ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১২:৪৭

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক বিরোধের জেরে বাবা আবু আহমদ ডিলার (৬৫)-কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে ইব্রাহিম (৩৫)-এর বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব আলিনগর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে পাশের দোকান থেকে বাড়ি ফেরেন আবু আহমদ। এ সময় বাড়ির সামনে আগে থেকেই অবস্থান করছিলেন ছেলে ইব্রাহিম। পরে পারিবারিক বিরোধের জেরে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ইব্রাহিম তার বাবাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই পড়ে যান।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত হয়েছেন নিহত আবু আহমদ-এর স্ত্রীও।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় অভিযুক্ত ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

আরও পড়ুন

×