‘মুক্তিযোদ্ধারা কোনো দলের নন, সামনে কঠিন সময়’
কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে শনিবার দুপুরে আয়োজিত স্মরণসভা। ছবি: সমকাল
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৮:৫৫
কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) কুষ্টিয়া জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের স্মরণে শোকসভা হয়েছে। সেখানে আলোচকেরা বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা কোনো দলের নন। সামনে খুব কঠিন সময় আসছে। টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার দুপুরে কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে আয়োজিত সভায় বক্তারা আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এদেশে বীর মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবেন। জাতির সূর্য সন্তান জাহিদ হোসেন আর নেই। তিনি ২২ এপ্রিল বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
তারা বলেন, জাহিদ হোসেন ছিলেন যুদ্ধকালীন বিএলএফের ডেপুটি কমান্ডার। তিনি সারাজীবনই মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে আগলে রেখেছেন। আজ সকলে অভিভাবক হারা। সামনে কঠিন সময় আসছে। সেখানে টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন তারা।
বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেনের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু, কুমারখালী মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সামছুল আলম পিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এটিএম আবুল মনসুর মজনু, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মানু, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরীফ হোসেন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন প্রমুখ।
সভা শেষে বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
- বিষয় :
- কুষ্টিয়া
- কুমারখালী
- বীর মুক্তিযোদ্ধা
