ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুদকের মামলা

গোদাগাড়ীর সাবেক সমবায় কর্মকর্তার ৫ বছরের জেল

গোদাগাড়ীর সাবেক সমবায় কর্মকর্তার ৫ বছরের জেল
×

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২০:৫৭

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই ধারায় ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতর বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৪ মে গোদাগাড়ী পৌর সদরের সরমঙ্গলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য আবেদন করেন আব্দুল বাতেন নামে এক ব্যক্তি। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে তৎকালীন উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে আগেই ৭ হাজার টাকা দিতে বাধ্য হন অভিযোগকারী। পরে বিষয়টি দুদকের রাজশাহী জেলা কার্যালয়কে জানানো হলে দুদক একটি ফাঁদ পাতে। 

ওই দিন দুপুর ২টার দিকে উপজেলা সমবায় কার্যালয়ে বসে অবশিষ্ট ৮ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোরশেদ আলমর নেতৃত্বে ৮ সদস্যের একটি দল নৃপেন্দ্রনাথ দাসকে হাতেনাতে আটক করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়। 

রাজশাহী জেলা সমন্বিত দুদকের সহকারী পরিচালক আমির হোসেন বলেন, ‘গোদাগাড়ী থানার সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। রায়ে আদালত দণ্ডবিধির ১৬১ ধারায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেন। একইসঙ্গে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৮ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

×