ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোপালগঞ্জে গ্যারেজ মালিকের ফ্ল্যাট থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে গ্যারেজ মালিকের ফ্ল্যাট থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৩:৩৪

গোপালগঞ্জ শহরের মধ্যমিয়াপাড়া এলাকায় এক গ্যারেজ মালিকের ফ্ল্যাটের বাথরুম থেকে আলামিন শেখ (৩০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার রাতে ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার ও রিকশা গ্যারেজের মালিক মো. কামরুল ঠাকুরের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত আলামিন সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন অভিযুক্ত কামরুল ঠাকুরের গ্যারেজ থেকে ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন। কয়েকদিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরির ঘটনায় তাকে সন্দেহ করা হয়।

স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে আলামিনকে ওই বাড়ির দ্বিতীয় তলায় আটকে রেখে মারধর করা হয়। পরে রাতে আলামিনের মাকে গ্রামের বাড়ি থেকে ডেকে আনা হয়।

নিহতের মা আমেনা বেগম বলেন, কামরুল ঠাকুর আমার বাড়িতে এসে বলে, ‘তোমার ছেলেকে তোমার হাতে বুঝিয়ে দেব, তুমি একটু আসো।’ পরে সেখানে গিয়ে অনেক ডাকাডাকির পর কামরুলের ছেলে দরজা খুলে দেয়। ভেতরে ঢুকে দেখি, আমার ছেলে বাথরুমে পড়ে আছে। এরপর কামরুল তার ছেলেকে নিয়ে চলে যায়।

ওই বাড়ির নিচতলার ভাড়াটিয়া লিমা বেগম জানান, কান্নার শব্দ শুনে ওপরে উঠে আসি এবং আমেনা বেগমকে দেয়ালে মাথা ঠুকতে দেখি। পরে বাসায় কাউকে না পেয়ে উঁকি দিয়ে বাথরুমের দরজার পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখি। তখন আমেনা বেগম বলে, ‘আমার ছেলে আর নাই।’

তিনি আরও বলেন, কামরুল ঠাকুরকে ফোন করে বলি, ‘এত বড় ঘটনা ঘটে গেল, কিছুই জানলাম না। এখনই পুলিশকে খবর দেন, আমি এলাকাবাসীকে জানাচ্ছি।’

ফোনে কামরুল ঠাকুর লোক পাঠানোর কথা বলেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনার পর থেকে অভিযুক্ত গ্যারেজ মালিক কামরুল ঠাকুর পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন

×