অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২
মিটামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৭:৩৮
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুই নারী আহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহব্বত খা ওই গ্রামের জমরুত খার ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আবহাওয়া খারাপ হতে শুরু করে। এ সময় বাড়ির সামনে ধানের খলায় কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় ধান স্তুপ করতে গেলে আকস্মিক বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বজ্রপাতের ঘটনায় আহত হন মহব্বত খার স্ত্রী রুমা বেগম (৩৬) ও মর্জিনা (৫০) নামে এক বৃদ্ধা। রুমা বেগমের ডান হাত এবং মর্জিনার দুই পা দগ্ধ হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহতরা অষ্টগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।’
