ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মধুমতী নদীতে পড়ে শিশুপুত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ

মধুমতী নদীতে পড়ে শিশুপুত্রসহ পুলিশ সদস্য নিখোঁজ
×

শিশুপুত্রসহ পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ান

গোপালগঞ্জ, কাশিয়ানী ও লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০ | ০৯:৩৪

ঘুরতে গিয়ে ট্রলার থেকে মধুমতী নদীতে পড়ে শিশুপুত্রসহ এক পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ ও নড়াইল জেলা সীমান্ত দিয়ে প্রবাহিত মধুমতী নদীর কালনা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- পুলিশ কনস্টেবল আবু মুসা রেজওয়ান (২৮) ও তার ছয় মাস বয়সী শিশুপুত্র আনাস। আবু মুসা ঢাকা পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আজাদ মোল্লার ছেলে।

গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, শুক্রবার বিকেলে মুসা পরিবারের সদস্যদের নিয়ে কালনা ফেরিঘাট এলাকায় ট্রলার ভাড়া করে নদীতে ঘুরতে বের হন। ট্রলারে স্ত্রী, পুত্র, আত্মীয়স্বজনসহ আটজন ছিলেন। কালনা ঘাটের দিকে ফিরে আসার সময় নির্মাণাধীন সেতু এলাকায় ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। নদীতে প্রচণ্ড স্রোত ছিল। স্রোতের তোড়ে নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগলে কোলে থাকা আনাসসহ মুসা নদীতে পড়ে যান। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন।

নড়াইলের লোহাগড়া ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক মাসুদ রানা জানান, তাদের উদ্ধারে নৌবাহিনীর খুলনা অঞ্চলের সাত সদসস্যের ডুবুরি দল এবং বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল সকাল থেকে কাজ করছে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন

×