সাভারে মাদক ব্যবসায়ীর সঙ্গে সখ্যতার অভিযোগে ওসি ক্লোজড
ওসি আরমান আলী। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ২০:৫০
সাভারে শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শামীম হোসেনের সঙ্গে সখ্যতার অভিযোগে এবার মডেল থানার ওসি আরমান আলীকে ক্লোজড করা হয়েছে। এর আগে একই ঘটনায় আরও তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। তিনি জানান, দায়িত্বে অবহেলা ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে ওই মাদক ব্যবসায়ীর আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন একটি বেসরকারি টিভির সাংবাদিক তাইফুর রহমান তুহিন ও তার ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম এবং অন্য একটি বেসরকারি টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন। অভিযোগ রয়েছে, শামীম বাহিনীর সদস্যরা তাদের মারধর করে আহত করে এবং ক্যামেরাসহ সরঞ্জাম ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় শামীম হোসেনকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। তবে ঘটনার চার দিন পার হলেও মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় সাভার মডেল থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
জানা যায়, দায়িত্ব অবহেলা ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারনে ওসিকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ‘সাভারে শামীম হোসেন নামে এক মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তার আস্তানায় সিসি ক্যামেরা লাগিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সাভার থানা পুলিশ এটা যেনেও নিশ্চুপ ছিলো। এ ঘটনায় যাদেরকে ক্লোজড হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তীতে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক না কেন, অপরাধ করে কেউ পার পাবে না।’
উল্লেখ্য ক্লোজড হওয়া ওসি আরমান আলী গত জাতীয় সংসদ নির্বাচনের পর সাভার মডেল থানায় যোগদান করেন।
- বিষয় :
- ওসি
- সাভার
- প্রত্যাহার
