ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে চিকিৎসার মান উন্নত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে চিকিৎসার মান উন্নত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
×

হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী।

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১৭:১৮ | আপডেট: ২৭ মে ২০২৬ | ১৮:১৭

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘স্বাস্থ্য খাতে জনবল সঙ্কটসহ নানা রকম ঘাটতি রয়েছে। চিকিৎসা সেবা প্রত্যাশা অনুযায়ী দেওয়া সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে চিকিৎসা সেবার মান উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হবে।’

বুধবার দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন এবং হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলামের কাছ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় উপপরিচালক জানান, হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে ব্যাপক জনবল সংকট রয়েছে। সীমিত জনবল নিয়েই সেবা কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে চিকিৎসাসেবার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের রান্নাঘরেও যান এবং খাবারের মান পর্যবেক্ষণ করেন। খাবারের মানে তিনি সন্তোষ প্রকাশ করলেও হাসপাতালের ওয়াশরুম ও বেসিনের অপরিচ্ছন্ন অবস্থা দেখে অসন্তোষ জানান। তিনি লক্ষ্য করেন, রোগীদের স্বজনরা বেসিনে খাবারের উচ্ছিষ্ট ও মাছের কাঁটা ফেলছেন, ফলে পরিবেশ নোংরা হচ্ছে। এ সময় তিনি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এর আগে সকালে মন্ত্রী পাকুন্দিয়া এবং হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

আরও পড়ুন

×