ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি

বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি
×

ভিডিও থেকে নেওয়া

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৭:১৭

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। এরপর তাকে দল থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য। গতকাল শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী এনসিপি নেতা আলী আজম সাব্বিরকে জুতাপেটা করছেন। 

স্থানীয়রা জানান, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২৪ মে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে তাকে জুতাপেটাও করা হয়। এ সময় আলী আজম নিজের আচরণের জন্য ক্ষমা চান। 

বগুড়া টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান শাহীন জানান, আলী আজম নিজের দোষ স্বীকার করে কর্তৃপক্ষের কাছে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগটি সংগঠনের নজরে আসার সঙ্গে সঙ্গেই সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তিন দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×