গাছ কাটা নিয়ে বিরোধ
চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজাদের বিরুদ্ধে
নিহত সিরাজুল ইসলাম
ফরিদপুর অফিস
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৭:৪৬
বসতবাড়ির গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় মাসুদ রানা (৪০) নামে অপর একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত কাজী সিরাজুল ইসলাম (৫৭) মানিকগঞ্জে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার বিকালে তিনি কর্মস্থল থেকে নিজ বাড়িতে আসেন বোনদের কোরবানির মাংস দেওয়ার জন্য। বাড়িতে আসার পর দেখতে পান বাড়ির কয়েকটি গাছ কাটা হয়েছে। এমনটি দেখতে পেয়ে ভাতিজা সুমনের কাছে গাছ কাটার বিষয়টি জানতে চাইলে ভাতিজা সুমন সদুত্তর দিতে না পারায় চাচা সিরাজুলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে সুমন (৪০) ও তুষার (৩২) দুই ভাই চাচা সিরাজুলের উপর হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে হামলা চালিয়ে বেদম মারপিট করে। এসময় অপর ভাতিজা মাসুদ রানা ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে পরিবারের অন্য সদস্যরা গুরুতর আহত সিরাজুল ইসলামকে উদ্ধার করে ফরিদপুর শহরের হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় কোনো অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, নিহত কাজী সিরাজুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, মামলার প্রস্তুতি চলছে।
