জুয়ার আসর নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১১:১৩ | আপডেট: ৩১ মে ২০২৬ | ১১:১৯
নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসর নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে মো. কামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের লচি সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন ওই এলাকার মৃত সোলেমানের ছেলে। তিনি গাছের ব্যবসার করতেন।
পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, কামালের ছেলে তারেক ও ভাতিজা ফরহাদ পাশের মিনু আলী হাজী বাড়ির রনি ও শামুর সঙ্গে চলাফেরা করতেন। জুয়ার আসর নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে ঝগড়া শুরু হলে কামাল উদ্দিন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় কয়েকজর কামালের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ও সাবেক ইউপি সদস্য মো. তোফায়েল বলেন, ‘পাশের বাড়ির ইমাম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন আমাদের বাড়িতে এসে হামলা চালায়। তখন আমি বাড়িতে ছিলাম না। আমার ভাই কামাল তাদের বাধা দিতে গেলে তার ওপর হামলা করা হয়। তবে কী কারণে তারা হামলা করেছে, তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না।’
এ বিষয়ে সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্রাচার্য বলেন, ‘জুয়া খেলাকে কেন্দ্র করে নিহতের ভাতিজা ফরহাদকে মারধর করা হয়। পরে চাচা কামাল ঝগড়া থামাতে গেলে তিনি অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। স্বজনদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
