ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পল্লবীর শিশুহত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

পল্লবীর শিশুহত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী
×

শৈলকুপা উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিষদের বরাদ্দকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের চেক ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সমকাল

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৬:২২

পল্লবীর শিশুহত্যা মামলায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিষদের বরাদ্দকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের চেক ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ১ জুন মামলাটি গুরুত্ব বিবেচনায় শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভিত্তিতে রাষ্ট্রপক্ষ আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করবে।

সংবিধান সংশোধন কমিটি নিয়ে তিনি বলেন, ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে সরকারি দল থেকে ৭ জন, স্বতন্ত্র সংসদ সদস্য থেকে ৫ জন এবং বিরোধী দল থেকে ৫ জন সংসদ সদস্যের নাম চাওয়া হয়েছে। আগামী অধিবেশনে কমিটি গঠন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অধ্যাদেশ বাতিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো অধ্যাদেশ বাতিল হয়নি। এটি যাচাই-বাছাই করে বাস্তবতার নিরিখে পরবর্তী প্রক্রিয়ায় নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদসহ অনেকে।

পরে মন্ত্রী শৈলকুপার কবিরপুরে মুক্তিযোদ্ধা চত্বরে ঝিনাইদহ মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। পাড়ায়-মহল্লায় কমিটি গঠন করে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মাস্টার। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদসহ স্থানীয় নেতারা।
 

আরও পড়ুন

×