বন ছেড়ে জনপদে মেছোবাঘ, ধরতে গিয়ে আহত ২
কয়েক দিন ধরে এলাকায় মেছোবাঘটির বিচরণ দেখা যাচ্ছিল। ছবি: সমকাল
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৬:১৩
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে লোকালয়ে ঢুকে পড়া একটি মেছোবাঘ (ফিশিং ক্যাট) স্থানীয়দের হাতে আটক হয়েছে। প্রাণীটিকে ধরার সময় তার আক্রমণে দুই যুবক আহত হন। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করেন। সোমবার দুপুরে কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খলিল ভান্ডার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, কয়েক দিন ধরে এলাকায় মেছোবাঘটির বিচরণ দেখা যাচ্ছিল। এর আগে প্রাণীটি কয়েকটি ছাগল শিকার করেছে বলে দাবি করেন তারা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার দুপুরে আবারও বাঘটিকে দেখতে পেয়ে স্থানীয়রা একত্রিত হয়ে সেটিকে ঘিরে ফেলেন। একপর্যায়ে পালাতে গিয়ে প্রাণীটি একটি ম্যানহোলে পড়ে যায়। পরে সেটিকে আটক করার চেষ্টা করলে এটি আক্রমণাত্মক হয়ে ওঠে, এতে মানিক (২১) ও বাবু (১৯) নামের দুই যুবক আহত হন।
খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটিকে উদ্ধার করে। বর্তমানে প্রাণীটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসা শেষে তাকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
বন বিভাগের কর্মকর্তারা জানান, মেছোবাঘ সংরক্ষিত বন্যপ্রাণী এবং সাধারণত জলাভূমি ও বনাঞ্চলসংলগ্ন এলাকায় বসবাস করে। খাদ্য সংকট বা আবাসস্থল সংকুচিত হলে এটি লোকালয়ে চলে আসে। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
