সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই প্রবাসী নিহত
নিহত রাসেল ও হারুন। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৬:১৭ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৯:৩২
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন হারুন ও তাঁর প্রতিবেশী রাসেল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুন ও রাসেল। গত রাতে রিয়াদ এলাকায় সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি উটের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তাঁরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
নিহত হারুনের বাবা তছলিম উদ্দীন ছৈয়াল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে বিদেশে গিয়ে আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করছিল। আজ সে লাশ হয়ে ফিরবে—এটা আমরা কখনো কল্পনাও করিনি। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, যেন দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।’
এলাকাবাসী জানান, দুই প্রতিবেশীর প্রাণহানিতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, ‘প্রবাসী দুই যুবকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি আরও জানান, নিহত ব্যক্তিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি সরকারি নীতিমালা অনুযায়ী তাঁদের পরিবারের জন্য সম্ভাব্য সহায়তা নিশ্চিত করার বিষয়েও উপজেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
- বিষয় :
- সৌদি আরব
- সড়ক দুর্ঘটনা
- প্রবাসী
