দুই ঘণ্টার মধ্যে মেজরকে চেইঞ্জ করেছি, ওসিকে চেয়ার থেকে সরিয়েছি: এমপি মাসুদ
শফিকুল ইসলাম মাসুদ। ফাইল ছবি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৮:৩৬ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৯:০৮
দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজর এবং থানার ওসিকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ‘দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেইঞ্জ করেছি এখান থেকে, দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি।’
গত শনিবার দুপুরে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের সামনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। তার ওই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ বলেন, 'অনেকে বলে— ভোটে এমপি হইছেন। আমি বলি, খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। পাওয়ার দেখাইতে আসবেন না। পাওয়ার দেখাইবে পাঁচ লক্ষ মানুষ।'
এসময় তিনি আরও বলেন, ‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা জাইনা নিয়েন।’
নিজের রাজনৈতিক অতীত ও সাংগঠনিক কর্ম প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না। মটকা বোঝেন? মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না।’
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই; সেতু, সড়কসহ নানা উন্নয়ন... তারপরও পালাতে হয়েছে কেন? উন্নয়ন করে যদি কেউ টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে—এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না।’
জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সম্পাদক খালিদুজ্জামান।
- বিষয় :
- সেনাবাহিনী
- ওসি
- পটুয়াখালী-২
- সংসদ সদস্য
