বাগেরহাটে ৭ বছরের শিশুকে ধরে নিয়ে গেল কুমির
খান জাহান আলী (র.) মাজারের দিঘি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ২২:৩৬ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১১:২২
বাগেরহাটে খান জাহান আলী (র.) মাজারের দিঘিতে গোসল করতে নামার পর ফাতেমা (৭) নামে এক শিশুকে ধরে নিয়ে গেছে কুমির। ফাতেমা ঘাট এলাকায় বসবাসরত এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সঙ্গে মাজারেই থাকত।
সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় দিঘির মহিলা ঘাটে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ফাতেমার চিৎকারে মাজারে থাকা স্থানীয়রা ইট মেরে ও দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে কুমিরটি শিশুটিকে দ্রুত ভেতরে নিয়ে যায়। এ সময় তিনবার তাকে বিভিন্ন স্থানে দেখা গেলেও এরপর থেকে নিখোঁজ রয়েছে সে।
স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সদস্যরা উদ্ধারের চেষ্টা করছেন। এ ছাড়া নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মো. বাতেন, বাগেরহাটের পুলিশ সুপার জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
