জাফলংয়ে গোসলে নেমে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
নিহত ইমতিয়াজ হোসেন রাহী। ছবি: সংগৃহীত
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১০:৪৬ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১০:৫৬
চট্টগ্রামের হাটহাজারীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জাফলংয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা।
নিহত রাহী হাটহাজারী উপজেলার ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড়দিঘীর উত্তর পাড় এলাকার জসিম সওদাগরের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ঈদুল আজহার পর বড়দিঘীর পাড় এলাকার ১৩ জন বন্ধু মিলে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ও জাফলং ঘুরতে যান। গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তারা জাফলংয়ের নাজিমগড় এলাকায় গোসল করতে নামেন। এ সময় হঠাৎ পাহাড়ি ঢল ও তীব্র স্রোতে রাহী পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীদের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহ জাফলং গোয়াইনঘাট পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে জানা গেছে।
চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আজিম উদ্দিন জানান, তারা ১৩ জন বন্ধু মিলে সিলেট গিয়েছিল। মাজার জিয়ারতের পর জাফলংয়ে ঘুরতে গিয়ে হঠাৎ পাহাড়ি ঢলে রাহী তলিয়ে যায়। পরে প্রশাসনের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয় এবং বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- হাটহাজারী
- জাফলং
- পানিতে ডুবে মৃত্যু
