মোটরসাইকেলে বাবাকে নিয়ে গ্রামে যাচ্ছিলেন ছেলে, পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুজনের
নিহত দুর্গাপদ মল্লিক (৭০) ও বিধান মল্লিক (৪৭)। ছবি: সংগৃহীত
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৬:২৪ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১৬:২৭
চট্টগ্রামের কর্ণফুলীর শাহ আমানত সেতু এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের দুর্গাপদ মল্লিক (৭০) ও তার ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান মল্লিক কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুর্গাপদ মল্লিক ও তার ছেলে বিধান মল্লিক নগরের পাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সকালে তারা মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। শাহ আমানত সেতু পার হওয়ার পর পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক নিহত হন। গুরুতর আহত বিধান মল্লিককে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু সাঈদ বাকার জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, একজন ঘটনাস্থলেই এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
