ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জমি নিয়ে বিরোধে ফটো সাংবাদিকের ওপর হামলা

জমি নিয়ে বিরোধে ফটো সাংবাদিকের ওপর হামলা
×

হাসপাতালে চিকিৎসাধীন কবির হোসেন

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৮:১৫

| প্রিন্ট সংস্করণ

জমি নিয়ে বিরোধের জেরে মুন্সীগঞ্জের সিরাজদীখানে ফটোগ্রাফার কবির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দোসরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত কবির হোসেন ও তাঁর ভাই তকবির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কবির হোসেনের স্ত্রী উম্মে সালমা সিরাজদীখান থানায় একটি অভিযোগ করেছেন। আহত কবির হোসেন প্রথম আলোর ফিচার বিভাগের প্রধান ফটোগ্রাফার ও পদ্মহেম ধামের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মহেম ধাম লালন সাঁই বটতলার জায়গা নিয়ে কবির হোসেন ও তাঁর চাচা মান্নান কোম্পানি গংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল কবির হোসেন বাউন্ডারি দিতে গেলে তাঁর চাচাতো ভাইরা বাধা দেন। এ সময় কবির হোসেন ও তকবির হোসেন হামলার শিকার হন।
কবির হোসেন বলেন, লালন সাঁই আশ্রম (পদ্মহেম ধাম) প্রতিষ্ঠার প্রায় ২১ বছর হয়ে গেছে। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসেন। দীর্ঘদিন ধরে একটি পক্ষ আশ্রমে আসা মানুষদের হুমকি-ধমকি দিয়ে আসছে। বিষয়টি আমি স্থানীয় প্রশাসন এবং সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহকে জানিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমাদের ওপর হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীরের নেতৃত্বে তৌহিদ, আলাউদ্দিন, সাহিল ও উৎসব তাদের ওপর হামলা চালায়। অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন বলেন, ওদের নামে ওখানে কোনো জায়গা নেই, লালনের নাম করে জায়গা আত্মসাৎ আর দখলের পাঁয়তারা করছে। তারা ইউএনও, এসিল্যান্ড কাউকেই পাত্তা দেয় না। জোর করে দেয়াল তৈরি করছিল। এলাকাবাসী বাধা দেওয়ার কারণে হাতাহাতি হয়েছে। সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান জানান, অভিযুক্ত জাহাঙ্গীর আলম মাদবরকে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

আরও পড়ুন

×