ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

ঈশ্বরদীতে দিনব্যাপী লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা

ঈশ্বরদীতে দিনব্যাপী লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা
×

ছবি: সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০২:৩০

ঝুলিয়ে রাখা থোকায় থোকায় লাল পাকা লিচুর গোছা এবং নানা ধরনের ফল ও সবজি দিয়ে তৈরি দৃষ্টিনন্দন প্রবেশপথ দেখতে উপচে পড়া ভিড় দেখা গেছে ঈশ্বরদীতে। বাংলাদেশের কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা এবং দেশীয় পণ্যের প্রসারের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে এ বছরের লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার উপজেলার জয়নগর গ্রামে মিরকামারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ কৃষক সমিতি। 

বাংলাদেশের কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা এবং দেশীয় পণ্যের প্রসারের লক্ষ্যে দিনব্যাপী এই লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলার আয়োজন করা হয়। আয়োজনের সকালে লিচু মেলা ও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বিকেলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল এমপি।

আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ (কুল ময়েজ)। অনুষ্ঠানে অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাজাহান পিপিএম (বার), পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মখলেছুর রহমান বাবলু, দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান এবং স্বপ্নদ্বীপ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ খায়রুল ইসলাম। এ আয়োজনের সমন্বয় করেন বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল কিতাব মন্ডল (লিচু কিতাব)।

লিচু মেলা ও কৃষি বাণিজ্য মেলায় কৃষকেরা সরকারের নিকট বিভিন্ন দাবি তুলে ধরেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ বলেন, ‘ঈশ্বরদী বিমানবন্দর চালু, লিচু গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লিচু প্রক্রিয়াকরণ এলাকা ও হিমাগার স্থাপনের জন্য আমরা সকল কৃষকের পক্ষ থেকে দাবি তুলে ধরেছি। কৃষকদের এসব দাবি মানা হলে এখানকার কৃষকদের স্বার্থ রক্ষা হবে এবং মরশুমভিত্তিক উৎপাদিত ফসল থেকে কৃষকেরা লাভবান হবেন। এ ছাড়াও দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত উল্লেখ করে পাঠ্যপুস্তকে দিনাজপুরের নাম রয়েছে। অথচ সারা দেশের মধ্যে উপজেলা পর্যায়ে ঈশ্বরদীতে সবচেয়ে বেশি লিচু উৎপাদন হলেও ঈশ্বরদীর নাম পাঠ্যপুস্তকে নেই। তাই পাঠ্যপুস্তকে এ বিষয়ে ঈশ্বরদীর নামও অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।’

বাংলাদেশ কৃষক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মন্ডল বলেন, ‘এখানকার কৃষকেরা পরিশ্রম করে ফসল, ফল উৎপাদন করলেও সুবিধা থেকে বঞ্চিত। তাই বাণিজ্যমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি জানানো হয়েছে।’ 

ঈশ্বরদীতে প্রায় তিন হাজার ৫০০ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। এবার ৭০০ কোটি টাকার লিচু বেচাকেনা ছাড়াও ঈশ্বরদীতে সব ধরনের সবজির আবাদ রয়েছে। আম, কাঁঠাল, লিচু, জাম, বাঙ্গি, কলার পাশাপাশি বিদেশি দামি ফল ড্রাগন, স্ট্রবেরি, মাল্টা, আঙুর এখন ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় উৎপাদন হচ্ছে। 

আরও পড়ুন

×