ঈশ্বরদীতে ব্যতিক্রমী লিচু উৎসব এবং কৃষি-বাণিজ্য মেলা
ঈশ্বরদীতে অনুষ্ঠিত লিচু উৎসব ও কৃষি বাণিজ্যমেলায় ফল ও সবজি দিয়ে সাজানো প্রবেশ পথ -সমকাল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৮:০৬
| প্রিন্ট সংস্করণ
মেলার প্রবেশ পথে ঝুলিয়ে রাখা থোকায় থোকায় লাল পাকা লিচুর গোছা। আম, কাঁঠাল, কলা, পেয়ারাসহ নানা ধরনের ফল ও সবজি দিয়ে তৈরি দৃষ্টিনন্দন প্রবেশ পথ। শত শত কৃষকের উৎপাদিত ফল ও ফসলের প্রদর্শনী। দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমী এমন দৃশ্য দেখতেই উপচে পড়া ভিড়।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত উপজেলার জয়নগর গ্রামে মিরকামারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহ এবং কৃষি পণ্যের প্রসারের লক্ষ্যে গতকাল শুক্রবার দিনব্যাপী এই মেলার আয়োজন করে বাংলাদেশ কৃষক সমিতি। এ আয়োজনে লিচু প্রদর্শনী ও বিক্রয়সহ কৃষিপণ্যের প্রসারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে লিচু মেলা ও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রম বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল এমপি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাজাহান, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ্, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামানিক, ঈশ্বরদী ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইব প্রমুখ।
লিচু মেলা ও কৃষি বাণিজ্য মেলায় কৃষকরা সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।
- বিষয় :
- লিচু
