ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

‘শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি একটি জীবন্ত নদী’

‘শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি একটি জীবন্ত নদী’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ২২:২০

“শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি একটি জীবন্ত নদী। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিয়ে এর প্রাণ ও প্রকৃতিকে রক্ষা করতে হবে।” বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন ‘নোঙর ট্রাস্ট’-এর চেয়ারম্যান সুমন শামস।

শুক্রবার সকাল ১০টায় স্থানীয় কামালখানিস্থ হাসান মঞ্জিলে নোঙর ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও শুটকি নদী পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় সুমন শামস বলেন, নদী কোনো জমি বা স্থাবর সম্পত্তি নয়, এটি একটি চলমান, জীবন্ত ও গতিশীল পরিবেশগত ব্যবস্থা। নদীকে শুধু ‘জলমহাল’ হিসেবে বিবেচনা করা হলে এর অস্তিত্ব ও পরিবেশগত গুরুত্বকে অস্বীকার করা হয়।

বক্তারা বলেন, দেশের অন্যান্য নদীর মতো শুটকি নদীও দখল, ভরাট, অবৈধ বাঁধ, দূষণ ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে সংকুচিত হয়ে পড়েছে। নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ায় মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট হচ্ছে, জলজ উদ্ভিদ বিলুপ্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা অবিলম্বে শুটকি নদীর ইজারা বাতিল, স্বাভাবিক প্রবাহ নিশ্চিত এবং জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে পরিবেশ রক্ষায় দ্রুত উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে এর বিরূপ প্রভাব বহন করতে হবে বলেও সতর্ক করেন।

শুটকি নদী পুনরুদ্ধারে নোঙরের ৬ দফা প্রস্তাবনা

নদীটির আগের রূপ ফিরিয়ে আনতে সংগঠনটির পক্ষ থেকে ছয়টি দাবি উত্থাপন করা হয়— ১. নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণ করা ২. অবৈধ দখল ও ভরাটের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ ৩. নদীকে ইজারানির্ভর ‘জলমহাল’ নয়, বরং পরিবেশগত সম্পদ হিসেবে বিবেচনা করা ৪. স্থানীয় জনগণকে নদী ব্যবস্থাপনার মূল ধারায় সম্পৃক্ত করা ৫. নদীভিত্তিক গবেষণা ও নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ কার্যক্রম চালু করা ৬. নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করা

মো. আবদুর রাহিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নোঙর বাংলাদেশের সহ-সভাপতি মহসীন মোর্শেদ রানা, বিআইডব্লিউটিএ-এর সিলেট বিভাগীয় কর্মকর্তা খাজা নিজাম উদ্দীন, বানিয়াচং উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসাইন, সমাজকর্মী সৈয়দ পলাশ মিজান, মওদুদ আহমেদ, এম এ হাসান, নোঙর সাংগঠনিক সম্পাদক ফজলে সানি, কেন্দ্রীয় সদস্য মো. সাইদুর রহমান তপু এবং দ্বীন মোহাম্মদ সোহাগসহ স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা। 

আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় পরিবেশবাদীরা শুটকি নদীর কাছারিঘাট এলাকায় পরিদর্শনে যান। সেখানে নদীর তীরে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষরোপণ শেষে প্রতিনিধি দলটি শুটকি নদীর বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন। তারা নদীটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং নদী ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×