ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১
×

ছবি : সংগৃহীত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০১:৫৯

চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিলক শীল (৩৫) নামের আরও একজন।

মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত পঙ্কজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক শীল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে পঙ্কজ ও তিলক স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় পৌঁছালে তারা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের মধ্যে একজন বোরকা পরিহিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। 

বিষয়টি নিশ্চিত হতে পঙ্কজ ও তিলক টর্চলাইটের আলো ফেললে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পঙ্কজ ও তিলককে এলোপাতাড়ি আঘাত করে। এতে তারা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ শীল মারা যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×