ঝরা লিচুতে জমজমাট বাজার, কম দামে স্বস্তি
ফুলবাড়ী পৌরশহরের কাঁটাবাড়ী গ্রামে ঝরে পড়া লিচু বেচাকেনা সমকাল
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৭:৫০
| প্রিন্ট সংস্করণ
মধুমাসের আমেজে বাজার ভরে উঠেছে নানা মৌসুমি ফলে। এর মধ্যে লিচুর কদর সব সময়ই একটু বেশি। সাধারণত লিচু বিক্রি হয় শ কিংবা আঁটি হিসেবে। এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে দিনাজপুরের ফুলবাড়ীতে। গাছ থেকে ঝরে পড়া লিচু কেজি দরে বিক্রি হচ্ছে উপজেলার হাট-বাজারে। কম দামে লিচু কিনতে এসব দোকানে ভিড় করছেন ক্রেতা।
বুধবার বিকেলে পৌর শহরের কাঁটাবাড়ী বাংলা স্কুল মোড় এলাকায় দেখা যায়, ভ্যানে বোঁটাবিহীন লিচু বিক্রি করছেন কয়েক বিক্রেতা। এসব লিচুর দাম রাখা হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা। একই চিত্র দেখা গেছে নিমতলা মোড়, ননীগোপাল মোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বাংলা স্কুল মোড়সহ শহরের বিভিন্ন এলাকায়।
বিক্রেতা ফেরদৌস আলী জানান, বিভিন্ন বাগান থেকে ঝরে পড়া লিচু সংগ্রহ করে এনে কেজি দরে বিক্রি করছেন। তিনি বলেন, বাজারে বোঁটাসহ বিভিন্ন জাতের লিচু প্রতি শ ২৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতার নাগালের বাইরে চলে গেছে লিচু। কিন্তু ঝরা লিচু কেজিপ্রতি মাত্র ৮০ টাকায় বিক্রি হওয়ায় স্বল্প আয়ের মানুষ সহজেই কিনতে পারছেন।
ক্রেতা মোজাম্মেল হোসেন ও সাইফুল ইসলাম জানান, তারা ৮০ টাকা দরে লিচু কিনেছেন। এক কেজিতে ৯০টি লিচু পাওয়া গেছে। কিছু লিচু নষ্ট থাকলেও বেশির ভাগই ভালো; খেতে মিষ্টি। কম দামে এক কেজি লিচু পাওয়া তাদের জন্য স্বস্তির।
আরেক বিক্রেতা মাহবুব হোসেন বলেন, জেলার বিভিন্ন বাগানে পাড়ার সময় যেসব লিচু ঝরে পড়ে, সেগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করা হচ্ছে। তিনি জানান, চলতি মৌসুমে অতিরিক্ত খরার কারণে গাছে লিচু ঝরে পড়ার হার বেড়েছে। তবে এসব লিচুর স্বাদ ও মিষ্টতা অন্য লিচুর মতোই।
স্থানীয়দের মতে, লিচু সাধারণত শ হিসেবে বিক্রি হলেও এবার কেজি দরে বিক্রির এই ব্যতিক্রমী চিত্র একদিকে যেমন ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে, অন্যদিকে ঝরে পড়া ফল বিক্রি করে বাড়তি আয় করছেন বাগান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
- বিষয় :
- লিচু