ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়-বিমানঘাঁটি-স্টেডিয়াম: মীর শাহে আলম

বগুড়ায় হবে বিশ্ববিদ্যালয়-বিমানঘাঁটি-স্টেডিয়াম: মীর শাহে আলম
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১৯:১৯ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১৯:২৫

বগুড়ায় ‘অপ্রয়োজনীয় ভাঙচুর’ না করেই বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার সকালে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নবনির্মিত ভবন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বগুড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক কোটি টাকা অনুদান ঘোষণা করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কোলাহলমুক্ত ও প্রাকৃতিক পরিবেশে একটি আধুনিক বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান। এ বিষয়ে প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে।

তিনি আরও জানান, বগুড়ায় পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, কার্গো সুবিধা, যুদ্ধবিমান পরিচালনার অবকাঠামো এবং বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বগুড়ায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প একনেক সভায় আগামী সপ্তাহে উঠবে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের জন্য দুই হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচলের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। গাবতলীতে চার লেনের বাইপাস সড়ক নির্মাণ এবং বগুড়া-নওগাঁ ও মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে সভায় জানান তিনি।

শহরের উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় ভাঙচুর ছাড়াই উন্নয়ন বাস্তবায়নের দিকে সরকার গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গাবতলীর ভাড়াইল সড়কে সাময়িকভাবে ইট বিছানোর বিষয়ে তিনি বলেন, সড়কটি আগে থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত ছিল। এখন ইট অপসারণ করে স্থায়ী নির্মাণকাজ শুরু করেছে ঠিকাদার।

আরও পড়ুন

×