ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

পরিচয় দেওয়ার পরও ওসি বলে- চোখ নামিয়ে কথা বল: ক্রিকেটার নাঈম

পরিচয় দেওয়ার পরও ওসি বলে- চোখ নামিয়ে কথা বল: ক্রিকেটার নাঈম
×

চট্টগ্রাম নগরের বাসায় সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ২০:৪২

‘কোনো তথ্য থাকলে পুলিশ অবশ্যই আমাকে থামিয়ে ব্যাগ চেক করতে পারত। তল্লাশি করার অধিকার তাদের আছে। কিন্তু তারা সেটা করেনি। আমি সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পর আবার উঠতে গেলে একজন পুলিশ সদস্য ভেতরে ঢুকে আমার গলা চেপে ধরে। আমি খুব ভয় পেয়ে যাই। তারা আমার ব্যাগও চেক করেনি, কিছুই চেক করেনি। সবকিছু থানায় নিয়ে যায়। থানায় গিয়ে নিজের পরিচয় দেওয়ার পরও সম্মানজনক আচরণ পাইনি।’ 

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের ফরিদাপাড়া এলাকায় নিজ বাসায় আজ শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গত শুক্রবার রাতের ঘটনার বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান।

নাঈম বলেন, থানায় নিজের পরিচয় দেওয়ার পরও খুলশি থানার ওসি আরিফুর রহমান আমাকে বললেন, ‘চোখ নিচে নামিয়ে কথা বল।’- এটা বলার কিছুক্ষণ পরই উনার মোবাইলে একটি ফোন আসে। ফোনে কথা বলার পর তিনি আবার আমাকে বললেন, ‘ভাইয়া, আপনি বসেন।’ তখন তার কথার সুর পুরোপুরি বদলে যায়।

ঘটনার সময় উপস্থিত সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাঈম বলেন, ‘রাতের ওই সময়ে আশপাশের মানুষ এগিয়ে না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।’ 

ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন বলেও জানান নাঈম। ‘মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত। আমি একটু একা থাকতে চাই। গতকাল থেকে সারারাত ঘুমাইনি। ঘটনাটা অনেকবার বলতে হয়েছে’, বলেন তিনি। 

নাঈম বলেন, ‘প্রায় ১০০ থেকে ১২০ জনের মতো মানুষ সেখানে ছিল। ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। ওরা না থাকলে ঘটনাটা অন্যরকম হতে পারত। যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি তাদের বলেছিলাম আমার সঙ্গে আসতে। তারা আমার সঙ্গে থানায় গেছে। এজন্য অন্য কিছু করার সুযোগ পায়নি।’

জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান জাতীয় দলের এই ক্রিকেটার। তিনি বলেন, আইন অনুযায়ী সরকার যে সর্বোচ্চ শাস্তি দিতে পারে, আমি সেটাই চাই। ভবিষ্যতে আর কোনো মানুষের সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে।’

অফস্পিনার নাঈম হাসান এখন পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৪৮টি। ক্যারিয়ারে চারবার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তার।

আরও পড়ুন

×