দর্শনা-জয়নগর সীমান্ত
১১ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা। ছবি: সমকাল
চুয়াডাঙ্গা সংবাদদাতা
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৩:২৬ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১৩:৩২
চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে, বিজিবির কঠোর অবস্থানে তা ব্যর্থ হয়েছে। পরে তাঁদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ।
রোববার ভোর ৪টার দিকে দর্শনা-জয়নগর সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে ওই ঘটনা ঘটে।
বিজিবি জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতীয় অংশে ভোরের দিকে ১১ জন ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। তাঁদেরকে বাংলাদেশে প্রবেশ করানোর উদ্যোগ নেয় বিএসএফ। খবর পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেন বিজিবির সদস্যরা। স্থানীয় গ্রামবাসীরাও তাঁদের সঙ্গে যোগ দেন।
পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে জড়ো করা ১১ জনকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিএসএফের পক্ষ থেকে বারবার পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা প্রতিহত করেছে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
- বিষয় :
- চুয়াডাঙ্গা
- সীমান্ত
- বাংলাদেশ-ভারত
