ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

কবে আসছে জয়া-চূর্ণীর ‘আজও অর্ধাঙ্গিনী’

কবে আসছে জয়া-চূর্ণীর ‘আজও অর্ধাঙ্গিনী’
×

জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। ছবি: টি-টু

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৪:০৮

২০২৩ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি ছিল সম্পর্কের জটিলতা, ভালোবাসা আর ব্যক্তিগত টানাপোড়েনের গল্প নিয়ে। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ছবিটি শুধু একটি পারিবারিক নাটক নয়, বরং তিনজন মানুষের মানসিক দ্বন্দ্ব ও আবেগের ভেতরের স্তর উন্মোচন করেছিল। সেই ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসান। গল্পের কেন্দ্রে ছিলেন সুমন (কৌশিক সেন)। তাঁর অসুস্থতা ঘিরে আবার একসঙ্গে দেখা হয় তাঁর সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী গাঙ্গুলি) এবং বর্তমান স্ত্রী মেঘনার (জয়া আহসান)। 

এক ছাদের নিচে তিনজনের এই অনিবার্য মুখোমুখি হওয়া ধীরে ধীরে রূপ নেয় এক আবেগঘন সংঘাতে; যেখানে ভালোবাসা, অভিমান, দায়িত্ব আর অতীত একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। সেই ছবি দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে ছবির দ্বিতীয় অধ্যায় ‘আজও অর্ধাঙ্গিনী’। গত বছরের জুনে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়। 

দীর্ঘ অপেক্ষার পর নির্মাতা কৌশিক গাঙ্গুলি জানিয়েছেন, আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নতুন এই ছবি। নতুন পর্বে গল্প এগিয়েছে প্রথম ছবির ঘটনার কয়েক বছর পর। এবার কেন্দ্রবিন্দুতে একটি বিয়ে এবং তার চারপাশে জমে ওঠা সম্পর্কের পুরোনো ও নতুন সমীকরণ। সেখানেই আবার মুখোমুখি হন সুমন, শুভ্রা এবং মেঘনা। তবে এবার পরিস্থিতি আরও জটিল, কারণ অতীত শুধু স্মৃতি নয়। বরং তা বর্তমানকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। 

নির্মাতা জানান, এই পর্বে চরিত্রগুলোর অনেক অজানা দিক উন্মোচিত হবে। বিশেষ করে মেঘনার সন্তান টিকলিকে ঘিরে তৈরি হবে নতুন আবেগঘন সংকট। টিকলি বড় হয়ে উঠলেও তার পরিচয় ঘিরে রয়েছে এক অনিশ্চয়তা; যা গল্পের কেন্দ্রীয় সংঘাতকে আরও তীব্র করে তোলে। ধীরে ধীরে সেই সত্য উন্মোচনের মধ্য দিয়েই তিনটি জীবনের সম্পর্ক আবারও নতুনভাবে প্রশ্নবিদ্ধ হয়।

সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল খুব পরিণত একটি গল্প। সেই ছবির সিকুয়ালের অংশ হতে পারা আমার জন্য আনন্দের। দর্শক যেভাবে প্রথম ছবিটিকে গ্রহণ করেছেন, সেই প্রত্যাশা আমাদের ওপর বড় দায়িত্ব তৈরি করেছে। আমরা চেষ্টা করেছি সেই আবেগকে আরও গভীরভাবে ফিরিয়ে দিতে।’

চূর্ণী গাঙ্গুলি ও কৌশিক সেনের সঙ্গে এবার নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়, যিনি গল্পে নতুন একটি স্তর যোগ করবেন বলে জানা গেছে।

নির্মাতা কৌশিক গাঙ্গুলি বলেন, ‘প্রথম ছবির মতো এবারও আবেগের কেন্দ্রবিন্দুতে থাকছে মানবিক সম্পর্কের ভাঙা-গড়া। তবে এবার গল্প আরও বিস্তৃত, চরিত্রগুলো আরও পরিণত, আর দ্বন্দ্ব আরও ব্যক্তিগত। এই ছবিতে আমরা চেষ্টা করেছি সম্পর্কের সেই জায়গাগুলোতে ঢুকতে, যেগুলো সাধারণত বলা হয় না। এখানে কেউ পুরোপুরি সঠিক বা ভুল নয়–সবাই তাদের নিজের জায়গা থেকে সত্যকে ধরে রাখে। সেই টানাপোড়েনই গল্পকে এগিয়ে নেয়।’

আরও পড়ুন

×