পুঁজিবাজারের বিকাশে ছয় দফা প্রস্তাব সিএসইর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ০৩:২৯
পুঁজিবাজারের বিকাশে ছয় দফা প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই সঙ্গে দেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য সরকারের কাছে প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার চট্টগ্রামের আগ্রাবাদে সিএসই কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বাজেট পর্যালোচনা ও প্রস্তাবনা উপস্থাপন করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার।
এ সময় সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম ও শাহজাদা মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সিএসই জানায়, প্রস্তাবিত বাজেটে কমোডিটি এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), ইনডেক্স হেজিং ও কারেন্সি হেজিংয়ের মতো নতুন আর্থিক পণ্য চালুর উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছে। এসব উদ্যোগ দেশের পুঁজিবাজারকে আরও আধুনিক, বহুমাত্রিক ও টেকসই করতে সহায়ক হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া আইপিও অনুমোদন ও শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া ডিজিটাল করার প্রস্তাবকে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।
সিএসইর প্রস্তাবিত ছয় দফার মধ্যে রয়েছে—কমোডিটি এক্সচেঞ্জের জন্য পাঁচ বছরের কর অবকাশ সুবিধা, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান ১০ শতাংশে উন্নীত করা, নতুন তালিকাভুক্ত কোম্পানিকে তিন বছরের জন্য কর ছাড় দেওয়া, বিদেশি কারিগরি সেবার ওপর কর কমানো এবং করপোরেট বন্ড বাজার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া।
এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের ওপর বিদ্যমান ২০ শতাংশ করহার বহাল রাখারও প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে এম সাইফুর রহমান মজুমদার বলেন, কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য প্রয়োজনীয় ট্রেডিং প্ল্যাটফর্ম ও প্রযুক্তিগত অবকাঠামোর প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়া হলে দেশে একটি যুগোপযোগী কমোডিটি বাজার গড়ে তোলা সম্ভব হবে।
সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান বলেন, বাজেটে প্রস্তাবিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আসবে। একই সঙ্গে বিনিয়োগের পরিধিও বাড়বে।
- বিষয় :
- পুঁজিবাজার
- চট্টগ্রাম
