ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

মাতারবাড়ী সমুদ্রবন্দর

নিরাপদ জাহাজ চলাচলে চীন থেকে আনা হল ড্রেজার

নিরাপদ জাহাজ চলাচলে চীন থেকে আনা হল ড্রেজার
×

ছবি : সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০১:৫৬

দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ী চ্যানেলে জাহাজ চলাচল নিরাপদ করতে জরুরি রক্ষণাবেক্ষণ ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) তত্ত্বাবধানে চীনের একটি অত্যাধুনিক ড্রেজার দিয়ে পলি অপসারণের এই কাজ চালানো হচ্ছে। অতিরিক্ত পলি জমার কারণে চ্যানেলের বিভিন্ন স্থানে নাব্যতা (গভীরতা) হ্রাস পাওয়ায় বেশি গভীরতার জাহাজ নোঙর করতে অসুবিধা হচ্ছিল চ‍্যানেলে।

চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন জানান, চ্যানেলের নির্ধারিত নাব্যতা বজায় থাকলে বৃহৎ আকারের বাণিজ্যিক, কয়লা ও এলএনজি বহনকারী জাহাজ কোনোরকম ঝুঁকি ছাড়াই এই বন্দরে ভিড়তে পারবে।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেল ব্যবহার করে এখন নিয়মিত কয়লাবাহী জাহাজ চলাচল করছে। কিন্তু বেশি গভীরতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী বড় জাহাজ চলাচলে কিছুটা ঝুঁকি তৈরি হয়েছে। অতিরিক্ত পলি জমার কারণে চ্যানেলের বিভিন্ন স্থানে নাব্যতা (গভীরতা) হ্রাস পেয়েছে।

মাতারবাড়ী চ্যানেলের বর্তমান মরফোলজিক্যাল (ভৌগোলিক গঠন) অবস্থা এবং পলি জমার ধরন নিখুঁতভাবে বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই চ্যানেলের জন্য ট্রেইলিং সাকশন হপার ড্রেজার সবচেয়ে উপযোগী ও কার্যকর।

এজন‍্য চীনভিত্তিক একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন শক্তিশালী ড্রেজার টিএসএইচডি কিং কপারকে এই কাজে নিয়োজিত করা হয়েছে। ড্রেজারটি ইতোমধ্যে চ্যানেলের বিভিন্ন অংশে জমে থাকা পলি অপসারণ করে নির্ধারিত গভীরতা ফিরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছে।

বড় জাহাজের নিরাপদ আগমন দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন রাখবে এবং বৈদেশিক বাণিজ্য কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন

×