খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর
ফাইল ছবি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ২০:০০
ফেনীর ফুলগাজীতে বৃষ্টির মধ্যে খেলতে গিয়ে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো আবহাওয়ার মধ্যে পূর্ব বসন্তপুর গ্রামের আবুল হোসেনের বাড়ির আঙিনায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল আবির হোসেন (৭) ও নাদিয়া আক্তার (১০)। এ সময় হঠাৎ একটি শক্তিশালী বজ্রপাত তাদের ওপর আঘাত হানে। বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। নাদিয়া আক্তারকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আবির হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
নিহত নাদিয়া আক্তার পূর্ব বসন্তপুর গ্রামের মো. শহীদের মেয়ে। সে আবুল হোসেনের বাড়িতে বসবাস করত। অন্যদিকে আবির হোসেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার মনুরহাট এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, সে নানার বাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- বজ্রপাতে মৃত্যু