পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ
ছবি: সমকাল
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১১:৫৪ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ১২:০৮
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় খাবার পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান নামের কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল সাড়ে ৯টার পর হঠাৎ একে একে অনেক শ্রমিক বমি, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মী ও কারখানা কর্তৃপক্ষ তাদের দ্রুত হাসপাতালে পাঠায়। ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষ এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
কারখানার শ্রমিক বেলাল হোসেন ও রাবেয়া খাতুন জানান, সকালে কারখানার ভেতরের খাবার পানি পান করার পরই অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এছাড়া কারখানার ভেতরে এক ধরনের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, যা শ্রমিকদের অসুস্থতা আরও বাড়িয়ে দেয় বলে তাদের দাবি।
কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, সেসব এলাকার শ্রমিকদের মধ্যেই অসুস্থতার ঘটনা বেশি দেখা গেছে। তবে ঘটনার পর কারখানার পানির মান পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃষ্টির দূষিত পানির সংস্পর্শে আসার কারণে শ্রমিকদের ফুড পয়জনিং হয়ে থাকতে পারে।’
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘ওই কারখানায় পানি পান করে অসুস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের কারখানা কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করছেন। তবে কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
