ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

পিসিটির জন্য চীন থেকে এলো ৪ অত্যাধুনিক ক্রেন

পিসিটির জন্য চীন থেকে এলো ৪ অত্যাধুনিক ক্রেন
×

পতেঙ্গা কনটেইনার টার্মিনালের জন্য আনা অত্যাধুনিক কিউ গ্যান্ট্রি ক্রেন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম 

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১০:২৭ | আপডেট: ২০ জুন ২০২৬ | ১০:২৮

দেশের প্রথম বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালের (পিসিটি) জন্য প্রথমবারের মতো আনা হয়েছে চারটি অত্যাধুনিক কিউ গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি)। এসব ক্রেন নিয়ে বিশেষায়িত ডেক জাহাজ ‘এমভি ল্যান হাই হং ইউন’ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। পিসিটি টার্মিনালটি পরিচালনা করছে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটি)। প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারে চীন থেকে এসব ক্রেন এনেছে প্রতিষ্ঠানটি। 
 
চট্টগ্রাম বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন জানান, পিসিটি জেটিতে শুক্রবার রাতে জাহাজটি নোঙর করে। জাহাজটি নিরাপদে জেটিতে নোঙর করাতে বন্দরের দুইজন অভিজ্ঞ পাইলট ও তিনটি শক্তিশালী টাগবোট আগে থেকে প্রস্তুত রাখা হয়। ক্রেনগুলো আনলোডের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কর্ণফুলী নদীর পিসিটি সংলগ্ন এলাকায় সব ধরনের বাণিজ্যিক জাহাজ, কোস্টার, ট্যাংকার ও মাছ ধরার ট্রলারের চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
 
সচিব জানান, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে কী গ্যান্ট্রি ক্রেনগুলো দেশে আসবে বলে আগে বন্দরের সঙ্গে থাকা চুক্তিতে উল্লেখ করেছিল আরএসজিটি। এই ক্রেন দিয়ে দ্রুততম সময়ে অনেক কনটেইনার হ্যান্ডলিং করা যায়। জাহাজ থেকে নিরাপদে পণ্য ওঠানামারও সবচেয়ে আধুনিক প্রযুক্তি এটি। নিজস্ব ক্রেনবিহীন জাহাজ থেকে কনটেইনার খালাসের ক্ষেত্রে এসব ক্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীনের সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রি থেকে চারটি কিউজিসি সংগ্রহের জন্য চুক্তি করে আরএসজিটি। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে এগুলো নির্মাণ করা হয়। এই চারটি ক্রেন চালু হলে আরএসজিটি বাংলাদেশের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা দ্বিগুণ বাড়বে । বর্তমানে ২ লাখ ৫০ হাজার টিইইউএস থেকে বেড়ে এটি ৫ লাখ টিইইউএসে উন্নীত হবে। একই সঙ্গে জাহাজের অপেক্ষার সময় কমবে এবং লজিস্টিক ব্যয়ও হ্রাস পাবে। 

এর আগে পিসিটির জন্য ২৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে ১৪টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেন সংগ্রহে করেছিল আরএসজিটি। ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে পিসিটিতে ১ লাখ ৪৩ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এখন এটি বাড়বে দ্বিগুণ হারে।
 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে পিসিটি নির্মাণ করে। ২০২৩ সালের ডিসেম্বরে বন্দরের সঙ্গে ২২ বছর মেয়াদি চুক্তির আওতায় টার্মিনালটির পরিচালনার দায়িত্ব পায় আরএসজিটি। 

চুক্তি অনুযায়ী, টার্মিনালটির আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি রয়েছে প্রতিষ্ঠানটির। প্রথম দেড় বছরে প্রত‍্যাশার চেয়ে কম কনটেইনার হ‍্যান্ডেল করেছে তারা। এখন সেই কাজে গতি অনেক বাড়বে বলে মনে করছে সৌদি প্রতিষ্ঠানটি। 
 

আরও পড়ুন

×