ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

বিভিন্ন স্থানে মানববন্ধন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবি

খাদ্যশস্য সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

তিস্তা মহাপরিকল্পনা  বাস্তবায়ন দাবি
×

চলতি অর্থবছরের সংশোধিত জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবি জানিয়েছেন তিস্তাপারের অধিবাসীরা। এই দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গতকাল শনিবার রংপুর মহানগরের কাচারীবাজার এলাকায় মানববন্ধন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি সমকাল

 রংপুর অফিস

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৮:০১

| প্রিন্ট সংস্করণ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের নেতারা।
চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না হলে রংপুর বিভাগ থেকে ঢাকায় খাদ্যশস্য সরবরাহ বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতারা বলেন, এর পরও দাবি আদায় না হলে ঢাকা ঘেরাও কর্মসূচি নেওয়া হবে।

গতকাল শনিবার রংপুর মহানগরীর কাচারীবাজার এলাকায় সংগ্রাম কমিটি আয়োজিত মানববন্ধন থেকে ওই হুঁশিয়ারি দেওয়া হয়। এতে প্রধান অতিথি গাইবান্ধা-২ (সদর) আসনের এমপি আব্দুল করিম সরকার বলেন, তিস্তাপারের মানুষের দুর্ভোগের কথা সবাই জানে। অতীতে বিভিন্ন সময়ে এবং বর্তমান সরকার প্রতিশ্রুতি দিলেও প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি। এখন মানুষ প্রকল্পের বাস্তব অবস্থা দেখতে চায়। সংশোধিত বাজেটেই প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগ্রাম কমিটির অন্যতম উপদেষ্টা ইঞ্জিনিয়ার আরিফুর রহমান আরিফ। এ ছাড়া বক্তব্য দেন কমিটির উপদেষ্টা ও রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আযম খান, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল রংপুর ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট কাওছার আলী, এনসিপি নেতা আল মামুন, ডা. মো. হোসেন, ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ।
রংপুর মহানগরীর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত ১০টি পয়েন্টে একযোগে মানববন্ধন হয়। একই দাবিতে তিস্তা অববাহিকার বিভিন্ন এলাকায় মানববন্ধন হয়েছে।
রংপুর প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ। এ ছাড়া শিক্ষাবিদ আবু বক্কর সিদ্দিক, আজহার আলী শাহ, আমিনুর রহমান, হাফিজ উদ্দিন, ফরহাদ হোসেন মণ্ডল, ইঞ্জিনিয়ার মামুন মিয়া, ব্যবসায়ী শাহনৎ মিয়া ও ড. আজিজুল ইসলাম বক্তব্য দেন।

রংপুরের গঙ্গাচড়ার বুড়িরহাট থেকে মহিপুর তিস্তা সড়ক সেতু পর্যন্ত কর্মসূচিতে বক্তব্য দেন সংসদ সদস্য রায়হান সিরাজী। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শৈলমারী চরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ও আনোয়ারুল ইসলাম। নীলফামারীর জলঢাকার কাকড়া এলাকা থেকে তিস্তা ব্যারাজ পর্যন্ত মানববন্ধনে বক্তব্য দেন সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, আল ফারুক আব্দুল লতিফ, ওবায়দুল্লাহ সালাফি ও আব্দুল মুনতাকিম। তিস্তা বাসস্ট্যান্ড থেকে তিস্তা সেতু পর্যন্ত কর্মসূচিতে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী ও মাওলানা নুরুল আমিন।
বক্তারা বলেন, তিস্তা নদী ঘিরে পরিকল্পিত উন্নয়ন ছাড়া উত্তরাঞ্চলের কৃষি, সেচ, নদীভাঙন প্রতিরোধ এবং অর্থনৈতিক সম্ভাবনার পূর্ণ বিকাশ সম্ভব নয়। তারা অভিযোগ করেন, পানিসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা একাধিকবার তিস্তা অববাহিকা পরিদর্শন করলেও প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। 

আরও পড়ুন

×