ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

মসজিদে ঝুলছিল ইমামের মরদেহ, পাশে চিরকুট

মসজিদে ঝুলছিল ইমামের মরদেহ, পাশে চিরকুট
×

মোহাম্মদ আমির হোসেন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১১:৪৫ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১২:০৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমির হোসেন (৪০) নামের এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আমির হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে তিনি বসবাস করতেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন বলে জানা গেছে।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, মঙ্গলবার আসরের নামাজে তিনি মুসল্লিদের ইমামতি করেন। তবে মাগরিব ও এশার নামাজের সময় তাকে দেখা যায়নি। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি ব্যক্তিগত কোনো কাজে বাইরে গেছেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয় লোকজন মসজিদের দ্বিতীয় তলায় তার কক্ষে যান। কিন্তু কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের একটি কাপড় গলায় পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছে। নিচে একটি মই পড়ে ছিল।

খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। পরে কক্ষে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে পারিবারিক কলহ ও ব্যক্তিগত হতাশার বিষয় উল্লেখ ছিল বলে জানান মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা। ইফতেকার আহমেদ আরও বলেন, 'দীর্ঘ ১৩ বছর ধরে তিনি মসজিদে খেদমত ও ইমামতির দায়িত্ব পালন করেছেন। এ সময়ে এলাকার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও সদালাপী মানুষ ছিলেন।'

জানা গেছে, মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতেও একটি স্ট্যাটাস দেন আমির হোসেন। সেখানে তিনি লেখেন, 'যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।'

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 

আরও পড়ুন

×