আইএমইআই পরিবর্তন করে মোবাইল-ল্যাপটপ বিক্রি করতেন তারা: সিএমপি
ছবি: সিএমপি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৬:৪৩ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১৬:৪৬
চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৫৭টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও আইএমইআই পরিবর্তনের যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) উপ-কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান।
এ ঘটনায় গ্রেপ্তার আসামিরা হলেন জাহাঙ্গীর হোসেন প্রকাশ জাহাঙ্গীর মনি (৫২), চক্রের হোতা মুহাম্মদ সোহেল উদ্দিন প্রকাশ পার্টি সোহেল (৩৫) ও তার সহযোগী আবু সাঈদ (৩৪), মো. শামীম (২৪) এবং সাইফুল ইসলাম (১৯)।
পুলিশ কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে জাহাঙ্গীর হোসেন প্রকাশ জাহাঙ্গীর মনিকে প্রথমে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের নন্দনকানন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চক্রের হোতা মুহাম্মদ সোহেল উদ্দিন প্রকাশ পার্টি সোহেল এবং তার সহযোগী আবু সাঈদ, মো.শামীম ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, তাদের কাছ থেকে ২৪টি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৫৭টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, ২০১টি সিমকার্ড, মোবাইল ফোনের ৪৪৫টি কেসিং, মাইক্রোস্কোপ, চার্জার, মাল্টিপ্লাগ, নগদ ১ লাখ ১৫০০ টাকা এবং মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা বিভিন্ন চোর ও ছিনতাইকারী চক্রের কাছ থেকে কম দামে চুরি ও ছিনতাই করা মোবাইল ফোন সংগ্রহ করতো। পরে বিশেষ সফটওয়্যার ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ফোনগুলোর আইএমইআই নম্বর ও কেসিং পরিবর্তন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
চুরির মালামাল উদ্ধারের ঘটনায় নগরের কোতোয়ালি থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- চুরি
- মোবাইল ফোন উদ্ধার
- ল্যাপটপ
