সীমান্তে হত্যা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: নাসীরুদ্দীন পাটওয়ারী
চাতলাঘাট বাজারের পথসভায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ০০:০৪
সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। তাদের পরিচয় তারা বাংলাদেশি। আর বাংলাদেশি হিসেবেই তারা নির্মমতার শিকার হন।’
সম্প্রতি কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক মুজিবুর রহমান মুজিবকে হত্যার প্রতিবাদে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাতলাঘাট বাজারে এনসিপি আয়োজিত পথসভায় শুক্রবার বিকেলে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে নিহতদের বেশিরভাগই কৃষক, দিনমজুর বা সীমান্ত এলাকার সাধারণ ব্যবসায়ী। সীমান্তে হত্যা বন্ধে বিজিবিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সীমান্তে যখন একের পর এক হত্যাকাণ্ড চলছে, তখন সরকার নীরব ভূমিকায় রয়েছে। সরকারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের কোনো জোরালো প্রতিবাদ করা হচ্ছে না।
এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা সীমান্তে নিহত মুজিবের কবর জিয়ারত করেন এবং নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পথসভায় সংগঠনের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- নাসীরুদ্দীন পাটওয়ারী
- এনসিপি
- সীমান্তে হত্যা
