নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে বিকল ট্রাক, ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরানো সম্ভব হয়। ছবি: সমকাল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৪:০৫
রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে বিকল হয়ে পড়ায় প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল রাজবাড়ী-ঢাকা রেলপথে ট্রেন চলাচল। সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে জিপসামবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দৌলতপুরের উদ্দেশে যাচ্ছিল। ভোরে বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরানো সম্ভব হয়।
রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার কারণে দুটি ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়। খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস কমিউটার ট্রেনটি রাজবাড়ীর পাচুরিয়া স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে। ভোর ৫টা ৪০ মিনিটে ট্রেনটির ছাড়ার কথা থাকলেও সেটি সকাল ১০টার দিকে ছেড়ে যায়। এছাড়া রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেসের সকাল ৭টার নির্ধারিত যাত্রাও বিলম্বিত হয়ে সকাল ১০টার পর শুরু হয়।
দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের সহকারী মো. সোহেল জানান, ট্রাকচালক অসুস্থ বোধ করায় তিনি গাড়ি চালানোর দায়িত্ব নেন। চালানোর সময় হঠাৎ ঘুমিয়ে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়।
রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মাহবুব হাসান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলকর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় দুটি ট্রেনের সময়সূচিতে উল্লেখযোগ্য বিলম্ব হয়েছে।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মুরাদ বলেন, সারবোঝাই ট্রাকটি এমনভাবে রেললাইনের ওপর উঠে পড়েছিল যে, মালামাল নামানো ছাড়া সেটি সরানোর কোনো উপায় ছিল না। রেল কর্তৃপক্ষের সহযোগিতায় ট্রাকটি লাইন থেকে সরানো হয়েছে। তবে এখনও পুরোপুরি মালামাল খালাস করা সম্ভব হয়নি। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
