পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
ছবি: সমকাল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১৯:৫০
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা মোড় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সময় বিএনপি ও জামায়াতে ইসলামী কর্মসূচি দেওয়ায় মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এই আদেশ জারি করেন।
আদেশে বলা হয়েছে, বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোনো ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, স্লোগান বা মিছিল, শব্দ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে জুনদহ বাজার এলাকায় পূর্বের জের ধরে উপজেলা বিএনপির সভাপতির দুই ভাগ্নে কাকন ও নিয়নের সঙ্গে বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী আল-আমিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষ হয়। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিএনপি-জামায়াতের দফায় দফায় এই সংঘর্ষে উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডলসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহত উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডলকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদেরকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার বিকেল ৪টায় পলাশবাড়ী চারমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। পরে একই স্থানে আবার জামায়াত সমাবেশের ডাক দিলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ বলেন, উপজেলার বরিশাল ইউনিয়নের দুটি রাজনৈতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে আজ রাজনৈতিক দল দুটি পরস্পরবিরোধী অবস্থানের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮–এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, ‘গতকাল রাত ১০ টার দিকে জুনদহ এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষ থেকেই থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
- বিষয় :
- ১৪৪ ধারা জারি
- গাইবান্ধা
- জামায়াত
- বিএনপি
