লক্ষ্মীপুরের সেই থানার ওসি প্রত্যাহার
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০০:৫০ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ০১:৪১
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে। তার স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিজাম উদ্দিনকে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে এ বদলির আদেশ কার্যকর করা হয়েছে। তবে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
সম্প্রতি রায়পুরে মা ও তিন মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এছাড়া ওই মামলার প্রধান অভিযুক্ত অন্তর মজুমদারের গণপিটুনিতে মৃত্যু এবং পৃথক ঘটনায় মাদক কারবারিদের হামলায় আহত এক ব্যবসায়ীর ১৮ দিন পর মৃত্যুর ঘটনাও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।
এসব ঘটনার পর স্থানীয়দের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারের দাবি ওঠে। এরই মধ্যে থানার নেতৃত্বে এই পরিবর্তন আনা হলো।
নতুন ওসি নিজাম উদ্দিন ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অপরাধ দমন, চলমান গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি আনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
পুলিশ সুপার (এসপি) আবু তারেক বলেন, রায়পুর থানার ওসি শাহীন মিয়াকে প্রত্যাহার না বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিজাম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি প্রত্যাহার নয় বদলি।
- বিষয় :
- লক্ষ্মীপুর
