চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
কাজী নজরুল ইসলামের চেতনা নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে
নজরুল বর্ষ উপলক্ষে চট্টগ্রামে তিনদিনের বিশেষ আয়োজন
নজরুল বর্ষ পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। ছবি-সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ১৩:১০
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চেতনা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নতুন প্রেরণা জোগাচ্ছে। এই প্রেরণা নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। বিদ্রোহী কবির প্রতিটি কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা জোগায়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন সাংস্কৃতিক জাগরণের সূচনা হয়েছে।’
নজরুল বর্ষ (২০২৬-২০২৭) পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নজরুল বর্ষ’ উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর আগে বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, সাম্যের কবি ও মানবতার কবি। আজ থেকে ১০০ বছর আগে কবি কাজী নজরুল ইসলাম চট্টগ্রাম এসেছিলেন। এখানে তাঁর অনেক স্মৃতি রয়েছে। তিনি সবসময় অন্যায় ও অবিচারের প্রতিবাদী ছিলেন। বিদ্রোহী কবির এই স্মৃতি, আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করে আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, কাজী নজরুল ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও বিদ্রোহের কবি। তাঁর সহিত্যকর্ম আজও অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে প্রেরণা যোগায় এবং অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন নিয়ে আলোচনার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বিদ্রোহী কবির আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দেয়ার আহবান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক ও জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। মুখ্য আলোচক ছিলেন লেখক, অনুবাদক ও নজরুল গবেষক আলমগীর মোহাম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত প্রমুখ।
- বিষয় :
- কাজী নজরুল ইসলাম
- নজরুল বর্ষ
