সবচেয়ে মেধাবীরা নিয়োগ পাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম। ছবি- সমকাল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৮:৫৮
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে মেধাবীরা নিয়োগ পাবেন। আমরা এখানে কোনো রাজনীতি দেখব না, কোন পক্ষপাতিত্ব করবো না। কারণ অতীতে অনেক কিছু সাফার করেছি। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে যেন এমনটা না হয়।
শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে ইএসডিওর মিলনায়তনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম উন্মোচনের মধ্য দিয়ে। শুধু লেখাপড়া নয় এখানে যেন জ্ঞানের চর্চা হয়, গবেষণা হয়, এটা যেন ছড়িয়ে দেওয়া যায় সবখানে এই কাজটা আমাদের করতে হবে।
শিক্ষকতা সবচেয়ে মহৎ পেশা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি নিজে একজন শিক্ষক ছিলাম, শিক্ষকতা দিয়ে আমার জীবনের শুরু। আমি অনেকগুলো পেশার সাথে ছিলাম। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোন পেশা সবচেয়ে জয়ী— আমি তাকে বলব শিক্ষকতা। শিক্ষকতা পেশায় আমি সবচেয়ে ইনজয় করেছি। আমি মনে করি শিক্ষকতার চেয়ে আর কোনো ভালো পেশা হতে পারে না।
তিনি আরো বলেন, ঠাকুরগাঁওয়ে বড় কোন শিল্পকলা কারখানা নেই, ইন্ডাস্ট্রি নেই, এই এলাকার মানুষ দরিদ্র বটে। এখানে যেন শিক্ষার বিকাশ ঘটে আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইসরাফিল সাহীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুল সালাম, ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আইয়ুব ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, ইএসডিওর নিবার্হী পরিচালক ড. মো. শহিদ উজ জামান প্রমুখ।
- বিষয় :
- মির্জা ফখরুল
- ঠাকুরগাঁও
- বিশ্ববিদ্যালয়
