নেত্রকোণা সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল ও মিনি ট্রাক জব্দ
জব্দ করা ভারতীয় কেমিক্যাল ও মিনি ট্রাক। ছবি- সমকাল
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৪:২৭
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কেমিক্যাল ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারনৈ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সুরুজ আলীর মোড় এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা একটি মিনি ট্রাককে থামানোর সংকেত দেয় বিজিবি। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল উদ্ধার করা হয়। এটি একটি নিয়ন্ত্রিত রাসায়নিক, যা বিভিন্ন ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত মিনি ট্রাকটির মূল্য প্রায় ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, জব্দ করা কেমিক্যাল ও মিনি ট্রাক নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- বিষয় :
- ভারতীয় পণ্য
- জব্দ
- বিজিবি
