সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
আহত এসআই সুরুজ্জামান ও কনস্টেবল শাহীন। ছবি- সমকাল
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৪:৪৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও এক সোর্স। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় তাদেরকে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। আহত পুলিশ সদস্যরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত এসআই সুরুজ্জামান জানান, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাই মামলার আসামি সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তিনি দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তিন পুলিশ সদস্য ও সোর্সকে কুপিয়ে আহত করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
