ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ব্রাজিলের জয় উদযাপনে নারীর পোশাক পরে নৃত্য, বিএনপি নেতা বহিষ্কার

ব্রাজিলের জয় উদযাপনে নারীর পোশাক পরে নৃত্য, বিএনপি নেতা বহিষ্কার
×

ব্রাজিলের জয় উদযাপনে নারীর পোশাক পরে নাচছেন বিএনপি নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৯:৩০ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ২০:০৯

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খন্দকার আমিনুল ইসলাম মিন্টু নামে এক বিএনপি নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি সামাজিকমাধ্যমে নারীদের পোশাক পরে তার নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর দল থেকে বহিষ্কার হলেন তিনি।

রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খন্দকার আমিনুল ইসলাম মিন্টু গোড়াই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, গত ৩০ জুন বিশ্বকাপের একটি ম্যাচে ব্রাজিলের জয়ের পর উদযাপনের সময় খন্দকার আমিনুল ইসলাম মিন্টু সালোয়ার-কামিজ পরে নাচেন। তার ওই নাচের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার শুরু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও নৈতিক স্খলনের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদ এবং এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার ফোন করে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ বলেন, 'আমিনুল ইসলাম বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন। তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি। দায়িত্বশীল পদে থেকে নারীদের পোশাক পরে নৃত্য করে তিনি দলকে বিব্রত করেছেন। এ কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।'

আরও পড়ুন

×